বিশ্বের বৃহত্তম বিমানের দ্বিতীয় ফ্লাইট সম্পন্ন

১ মে, ২০২১ ০০:৫৯  
এয়ার-লঞ্চিং হাইপারসনিক ভেহিকলের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেলো স্ট্র্যাটোলঞ্চ। বৃহস্পতিবার কোম্পানিটি তাদের পরিবহন বিমানটির দ্বিতীয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ডানার বিস্তৃতি অনুযায়ী এটি বিশ্বের সর্ববৃহৎ বিমান। খবর এনগ্যাজেট। ডাবল কাঠামোর বিমানটির ডানার দৈর্ঘ্য ৩৮৫ ফুট। দ্বিতীয় ফ্লাইটে বিমানটি মোজেভ মরুভূমি অঞ্চলে ১৪ হাজার ফুট উচ্চতায় তিন ঘন্টা ১৪ মিনিট উড়েছিলো। যদিও এক বছর আগে বিমানটি প্রথম ফ্লাইটে ১৭ হাজার ফুট উচ্চতায় উড়েছিলো। অন্যদিকে, আগের থেকে ৪৪ মিনিট বেশি সময় ধরে আকাশে উড়েছে বিমানটি। স্ট্র্যাটোলঞ্চ জানিয়েছে, এই সফল ফ্লাইট বিমানটির সক্ষমতা ও কর্মদক্ষতা নিশ্চিত করে। এছাড়া আগের ফ্লাইটের পর বিমানটির উন্নয়ন করা হয়েছে সেটিও প্রমাণ করে। বিশ্বের প্রিমিয়ার হাইপারসনিক ফ্লাইট সেবা দিতে স্ট্র্যাটোলঞ্চ আরও একধাপ এগিয়ে গেলো বলে দাবি করেছে কোম্পানিটির প্রধান কারিগরি কর্মকর্তা ড. ডেনিয়েল আর. মিলমান। আগামী বছরের প্রথমদিকেই আরেকটি হাইপারসনিক ভেহিকল উন্মোচনের কাজ করছে কোম্পানিটি। ট্যালন-এ নামের এই ভেহিকলের সংযোজন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিবিটেক/বিএমটি